মুক্তমন রিপোর্ট : প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে জাপানকে নিজেদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র ব্যবহারের সুযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত। এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রথমবারের মতো নিজেদের কোনো সামরিক স্থাপনা অন্য দেশের জন্য উন্মুক্ত করবে নয়াদিল্লি।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ওড়িশার চণ্ডীপুরে অবস্থিত ‘ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ’ (আইটিআর) যৌথভাবে ব্যবহারের সুযোগ পেতে পারে জাপান। কেন্দ্রটি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর অধীনে পরিচালিত হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, চণ্ডীপুরের পাশাপাশি পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশে জাপানের নির্মাণাধীন দুটি আধুনিক পরীক্ষা কেন্দ্রেও প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে আগ্রহী নয়াদিল্লি।
এ ছাড়া জাপানের সঙ্গে যৌথভাবে যুদ্ধজাহাজ নির্মাণের একটি প্রকল্প নিয়েও আলোচনা চলছে। প্রাথমিক পর্যায়ে মোগামি সিরিজের মাল্টি-মিশন স্টেলথ ফ্রিগেট তৈরির পরিকল্পনা বিবেচনা করছে ভারত। এ লক্ষ্যে জাপানকে ভারতের শিপইয়ার্ড ও প্রতিরক্ষা খাতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতে উৎপাদন এবং সেখান থেকে রপ্তানির সুযোগও দিতে চায় নয়াদিল্লি।
একসময় সংবিধানগত সীমাবদ্ধতার কারণে প্রতিরক্ষামূলক সামরিক ভূমিকার মধ্যে সীমাবদ্ধ ছিল জাপান। তবে বর্তমানে দেশটি দূরপাল্লার সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা শিল্প সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। দক্ষিণ চীন সাগর ও ইন্দো-প্রশান্ত অঞ্চলে চীনের প্রভাব বৃদ্ধিকে এ উদ্যোগের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
গত সপ্তাহে নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে জাপানের একটি সরকারি প্রতিনিধি দল। ‘টু প্লাস টু ডায়ালগ’ নামে পরিচিত ওই বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর এসব বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
Muktomon/TA