মুক্তমন রিপোর্ট : ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি আরব হামলা চালালে জেদ্দাসহ লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদির সব বন্দরে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে হুথি গোষ্ঠী। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী।
বিবৃতিতে জেদ্দাসহ সৌদি বন্দরগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের পাশাপাশি আশপাশের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিপিং কোম্পানিগুলোকে ওই বন্দরগুলো থেকে জাহাজ সরিয়ে নিতে বলেন।
এর আগে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ ভবন ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ারে (পিআইএফ টাওয়ার) ড্রোন হামলা চালায় হুথি গোষ্ঠী। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। গত ২০ নভেম্বরও একই ভবনে হামলা চালানোর দাবি করা হয়।
হামলার কয়েক ঘণ্টা পর সৌদি-ইয়েমেন সামরিক জোট এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের সাদা ও আমরান প্রদেশে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে নিকট ভবিষ্যতে হোদেইদা বন্দরেও হামলা চালানো হতে পারে বলে সতর্ক করে জোটটি।
এর পরপরই সৌদি বন্দরগুলোতে পাল্টা হামলার হুমকি দেন হুথি মুখপাত্র ইয়াহিয়া কাসিম সারী। লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদা ইয়েমেনের অন্যতম প্রধান বন্দর। মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য আমদানির গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হওয়ায় দেশটির লাখ লাখ মানুষের খাদ্য সরবরাহের ক্ষেত্রে বন্দরটির ভূমিকা গুরুত্বপূর্ণ।
২০১৬ সাল থেকে সৌদি জোটের সঙ্গে হুথি বাহিনীর সংঘাত চলছে। ২০২২ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে দুই পক্ষ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালেও গত সেপ্টেম্বর থেকে উভয় পক্ষের মধ্যে আবারও হামলার ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Muktomon/TA