মুক্তমন রিপোর্ট : গাজা উপত্যকার পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাইম মোহাম্মদ আবু নাহল নিহত হয়েছেন। মঙ্গলবার হামাসের এক বিবৃতিতে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গাজা নগরীর পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৫০ বছর বয়সী আবু নাহল নিহত হন।
এর আগে স্থানীয় কয়েকটি সূত্র জানায়, গাজার পশ্চিমে হায়দার স্কয়ারের কাছে বেসামরিক নাগরিকদের একটি সমাবেশ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে একজন ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হন।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, গাজায় হামাসের এক জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানায়, হামলার লক্ষ্য ছিলেন আবু নাহল।
প্রতিবেদন অনুযায়ী, মঈন আল-আরবেইদের স্থলাভিষিক্ত হয়েছিলেন আবু নাহল। গত সেপ্টেম্বরে এক বিশেষ অভিযানে ইসরায়েলি সেনাবাহিনী ও শিন বেট মঈনকে আটক করে। তিনি বর্তমানে ইসরায়েলি হেফাজতে রয়েছেন।
এক যৌথ বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী ও শিন বেট হামাসের একজন শীর্ষ সদস্যের ওপর হামলার কথা জানালেও তাঁর পরিচয় প্রকাশ করেনি।
সূত্র : এএফপি ও রয়টার্স
Muktomon/TA