মুক্তমন রিপোর্ট : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে দেশটিতে পৌঁছান তাঁরা।
প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সিউলের ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে আইসিএপিপির প্রতিনিধিবৃন্দ এবং দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।
সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় সিউলের হোটেল শিলায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতাদের সম্মানে স্বাগত নৈশভোজের আয়োজন করা হয়েছে। একই দিন রাতে আইসিএপিপির স্থায়ী কমিটির ৪৬তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় হোটেল শিলা সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনের উদ্বোধন হবে। দুই দিনব্যাপী এ সম্মেলনে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনের প্রথম দিনে দুটি প্লেনারি অধিবেশন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন শুক্রবার (৬ নভেম্বর) তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্লেনারি অধিবেশনে অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনে সমসাময়িক আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা, সংলাপ এবং আস্থা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা ও যৌথ ঘোষণাপত্র প্রণয়নের বিষয়েও মতবিনিময় করবেন অংশগ্রহণকারীরা।
শুক্রবার বিকেলে সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকেও এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
Muktomon/TA