চট্টগ্রামে অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার পক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ

চট্টগ্রামের হাজীপাড়ায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ
চট্টগ্রামের হাজীপাড়ায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ

মঈনউদ্দিন মনি : অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা, মানবিক অধিকার এবং ধর্মীয় সহাবস্থানের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। চট্টগ্রাম মহানগর শাখা দুটির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বক্তারা উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস, দেশভাগ এবং ধর্মের নামে রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা নিয়ে আলোচনা করেন।

চট্টগ্রাম মহানগরের হাজীপাড়ায় সংগঠনগুলোর কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চট্টগ্রাম মহানগর সভাপতি আল্লামা আরেফ সারতাজ।

সমাবেশে আল্লামা ইমাম হায়াতের বক্তব্য ও দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য দেন আল্লামা হাফেজ ইলিয়াস শাহ। তিনি বলেন, ধর্মের নামে সাম্প্রদায়িক বিভাজন, বৈষম্য কিংবা জঙ্গিবাদী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা ইসলাম ও মানবতার আদর্শের পরিপন্থী। তাঁর মতে, সব ধর্ম ও মতপথের মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করাই হওয়া উচিত রাষ্ট্রের মূলনীতি।

উপমহাদেশের দেশভাগ ও জিন্নাহর রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন অসাম্প্রদায়িক সমাজ গঠনের পথে বাধা সৃষ্টি করেছে। এ প্রসঙ্গে আল্লামা আজিজুল হক শেরে বাংলার লেখা একটি কবিতার সমালোচনা করে তিনি বলেন, জিন্নাহর রাজনৈতিক ভূমিকা সম্পর্কে যথাযথ মূল্যায়নের অভাব থেকেই এমন প্রশংসামূলক অবস্থান তৈরি হয়ে থাকতে পারে।

আল্লামা মুফতি রেজাউল কাওসার বলেন, ধর্মের নামে সাম্প্রদায়িক রাষ্ট্রনীতি প্রতিষ্ঠার প্রচেষ্টা ইসলাম, মুসলিম সমাজ ও মানবতার জন্য ক্ষতিকর। তাঁর মতে, অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহের যথাযথ মূল্যায়ন না হওয়ায় অনেক আলেম ও ধর্মীয় নেতার পক্ষে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রভাব ও পরিণতি চিহ্নিত করা কঠিন হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ধর্মীয় পরিচয়ের পাশাপাশি মানবিক অধিকার, ন্যায়বিচার ও অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার ওপর গুরুত্ব দেয়।

সভাপতির বক্তব্যে আল্লামা আরেফ সারতাজ বলেন, আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় সব ধর্ম, মত ও পথের মানুষের সমান নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকারভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার ধারণা তুলে ধরা হয়েছে। তাঁর মতে, ইসলামের রাজনৈতিক দর্শনের মূল লক্ষ্য হওয়া উচিত সর্বজনীন মানবকল্যাণ ও মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতি।

তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা ধর্মের মূল মানবিক আদর্শকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ কারণে ধর্মীয় পরিচয়ের আড়ালে বিভাজন ও বৈষম্য সৃষ্টির প্রচেষ্টার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা ধর্মীয় সহাবস্থান, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও সব মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

চট্টগ্রাম প্রতিনিধি

Muktomon/TA