প্রবাসীদের বিনিয়োগে উন্নত বাংলাদেশ গড়ার আহ্বান মন্ত্রীর

 সংযুক্ত আরব আমিরাতে সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সংযুক্ত আরব আমিরাতে সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগ কাজে লাগিয়ে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি প্রবাসী ব্যবসায়ীদের দেশের শিল্প, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিআইপি (এনআরবি) সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত এ আয়োজনের তথ্য বুধবার (৪ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দেশের শ্রম পরিস্থিতির কারণে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে পারেননি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বক্তব্যে আরিফুল হক চৌধুরী প্রবাসী ব্যবসায়ীদের দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, প্রবাসীরা দেশের গর্ব ও অর্থনীতির অন্যতম শক্তি। পরিবার-পরিজন ছেড়ে বিদেশে কঠোর পরিশ্রম করে তাঁরা রেমিট্যান্স পাঠাচ্ছেন। এতে দেশের লাখ লাখ পরিবার উপকৃত হচ্ছে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।

মন্ত্রী বলেন, প্রবাসীদের অবদান শুধু রেমিট্যান্স পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নয়। বিদেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা, শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তাঁরা দেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছেন।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দেশটির রাষ্ট্রপতি, সরকারপ্রধান ও সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। ভবিষ্যতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন।

প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী জানান, প্রবাসীদের মর্যাদা ও পরিচয় নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা সহজে সরকারি সেবা ও সহযোগিতা নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সম্মাননাপ্রাপ্ত সিআইপিদের উদ্দেশে তিনি বলেন, শুধু বাড়িঘর নির্মাণে নয়, দেশের শিল্পপ্রতিষ্ঠান, কৃষি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বিনিয়োগ বাড়াতে হবে। এতে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া বিদেশের বাজারে বাংলাদেশি পণ্যের পরিধি বাড়ানো, বিদেশে কর্মীর চাহিদা সম্পর্কে সরকারকে তথ্য দিয়ে সহায়তা করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

প্রবাসীদের নিজ নিজ দেশের আইনকানুন মেনে চলার পরামর্শ দিয়ে তিনি বলেন, তাঁদের কর্মকাণ্ডের মাধ্যমে যেন দেশের সুনাম ক্ষুণ্ণ না হয়। সফল আয়োজনের জন্য বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের মেধা, শ্রম ও বিনিয়োগের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Muktomon/TA