মুক্তমন রিপোর্ট : চট্টগ্রামের হাটহাজারীতে ১০০টি হতদরিদ্র পরিবারের মধ্যে মোট ২০ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের ব্যবস্থাপনায় এবং যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্টের (Ummah Welfare Trust UK) সহযোগিতায় এ সহায়তা দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) হাটহাজারীতে প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে এ অর্থ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন এবং আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংস্থার এ ধরনের আর্থিক সহায়তা দুস্থ পরিবারগুলোর পুনর্বাসন এবং জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
অর্থ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সামাজিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সহায়তা পাওয়া পরিবারগুলোর সদস্যরা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
Muktomon/TA