টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

 গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় অগ্নিকাণ্ড

মুক্তমন রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে ওষুধ তৈরির কারখানা এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটির পিন সেকশনে আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কারখানাটিতে কাজ চলার সময় একটি ভবনের ষষ্ঠ তলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন দেখতে পেয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ভবন থেকে বের হয়ে যান। পরে কারখানার অগ্নিনির্বাপণের দায়িত্বে থাকা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। পাশাপাশি ব্যাকআপ হিসেবে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Muktomon/TA