আলমগীর মোল্লা : গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ঝুঁকি কমানো, জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরতে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
১৩ অক্টোবর সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা আক্তার ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা অনুপ কুমার সিংহ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধি এ দিবসের মূল উদ্দেশ্য।
ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, আগাম সতর্কবার্তার ভিত্তিতে দুর্যোগ আঘাত হানার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া গেলে ক্ষয়ক্ষতি অনেক কমানো সম্ভব। এ জন্য সচেতনতা, প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগ জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন আকাশ, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকেরা।
Muktomon/TA