প্রতিনিধি ফেনী : ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া, সচেতনতামূলক র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, জরুরি প্রস্তুতি জোরদার এবং সম্ভাব্য জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা। আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে সচেতনতা ও পূর্বপ্রস্তুতির বিকল্প নেই। সম্মিলিত উদ্যোগ ও যথাযথ প্রস্তুতির মাধ্যমে একটি দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করেন। এতে আগুন নেভানোর কৌশল, অগ্নিকাণ্ডের সময় নিরাপদে উদ্ধারকাজ পরিচালনা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিভিন্ন বিষয় হাতে-কলমে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্কাউট সদস্য, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। এ আয়োজনের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
Muktomon/TA