মুক্তমন রিপোর্ট : ঢাকায় চলমান সাফ চ্যাম্পিয়নশিপে মাঠের লড়াইয়ে সাফল্য পেলেও খাবারের ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় দল। খেলোয়াড়দের প্রতিদিন একই ধরনের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির কোচ নওশাদ মুসা। তাঁর মতে, ম্যাচের পর ফুটবলারদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে খাবারের তালিকায় বৈচিত্র্য থাকা জরুরি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে টুর্নামেন্টের আতিথেয়তা ও খাবারের মান নিয়ে কথা বলেন নওশাদ মুসা।
ভারতীয় কোচ জানান, আতিথেয়তা নিয়ে তাঁদের কোনো অভিযোগ নেই। তবে খাবারের ক্ষেত্রে নির্দিষ্ট একটি মেন্যু অনুসরণ করতে বলা হচ্ছে, যা দলের খেলোয়াড়দের জন্য উপযোগী নয়। খেলোয়াড়দের খাদ্যাভ্যাস ও পুষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরে নওশাদ মুসা বলেন, ম্যাচের দিন ফুটবলাররা সাধারণত কম খাবার খান। তাই খেলা শেষে তাঁদের জন্য পুষ্টিকর ও পর্যাপ্ত খাবার প্রয়োজন। কিন্তু প্রতিদিন একই ধরনের খাবার পরিবেশন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
খাবারের মান ও পরিমাণ নিয়ে কথা বলেছেন মালদ্বীপের কোচও। যদিও তিনি সরাসরি কোনো অভিযোগ তোলেননি। নিজ দেশের সাম্প্রতিক কয়েকটি টুর্নামেন্টের উদাহরণ দিয়ে তিনি জানান, মালদ্বীপে অনুষ্ঠিত গোল্ডেন জুবিলি টুর্নামেন্ট ও সাফ অনূর্ধ্ব-২০ প্রতিযোগিতায় খেলোয়াড়দের যে মানের ও পরিমাণের খাবার দেওয়া হয়েছিল, ঢাকার আয়োজনে তার তুলনায় ঘাটতি রয়েছে।
এ বিষয়ে বিস্তারিত মূল্যায়নের জন্য দলের ম্যানেজার, চিকিৎসক ও পুষ্টিবিদদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন মালদ্বীপের কোচ।
উল্লেখ্য, ভারতের মূল জাতীয় দল বর্তমানে নিউজিল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে। ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে দেশটির অপেক্ষাকৃত তরুণ ও বিকল্প দল। সেই দল নিয়েই টানা দুই ম্যাচ জিতে গ্রুপসেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।
Muktomon/TA