নিউইয়র্কে আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ও বিজনেস এক্সপো

নিউইয়র্কে আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ও চেম্বার বিজনেস এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান
নিউইয়র্কে আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ও চেম্বার বিজনেস এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান

মুক্তমন রিপোর্ট : নিউইয়র্কের বোরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজে (BMCC) অনুষ্ঠিত হয়েছে ‘৫ম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস এক্সপো ২০২৬’। এতে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রদর্শক, চেম্বার প্রতিনিধি ও পেশাজীবীরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ড. জিয়াউদ্দিন আহমেদ, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মার্ক জ্যাফে এবং ইউএস স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডমিনিস্ট্রেটর কেলি লফলার।

কেলি লফলার বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি, ব্যবসার পরিধি বাড়ানো এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ড. জিয়াউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিক্ষা ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি-আমেরিকানরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। একই সঙ্গে বাংলাদেশেও মার্কিন পণ্য ও সেবার বাজার রয়েছে। দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারে এই এক্সপো ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও মার্ক জ্যাফে জানান, চেম্বারটি দীর্ঘদিন ধরে বিজনেস এক্সপো আয়োজন করে আসছে এবং গত পাঁচ বছর ধরে বাংলাদেশ-ইউএস চেম্বারের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এ আয়োজন বড় ও উদীয়মান ব্যবসাগুলোর মধ্যে যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি করছে।

মেলার অন্যতম আকর্ষণ ছিল ‘বিজনেস-টু-বিজনেস’ (B2B) ম্যাচমেকিং কার্যক্রম। এর মাধ্যমে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা সম্ভাব্য ক্রেতা, বিনিয়োগকারী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান। পাশাপাশি ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট, ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড রেমিট্যান্স ফোরাম ২০২৬’ শীর্ষক সেমিনারে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কৌশলগত সোর্সিং, বৈশ্বিক সাপ্লাই চেইন ও এনআরবি বিনিয়োগ নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’ প্রদান করা হয়। ব্যবসা, উদ্যোক্তা উন্নয়ন ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে ছয়জনকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন—সৈয়দ জাকি হোসাইন, লিয়াকত হোসাইন, আবুবকর হানিফ, কাজী হেলাল আহমেদ, গোলাম ফারুক ভূঁইয়া এবং ড. আরিফুর রহমান।

আয়োজকদের তথ্য অনুযায়ী, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্স, বাংলাদেশ-ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BUCCI), ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এলএলসি এবং ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংকস যৌথভাবে আয়োজনটির সঙ্গে যুক্ত ছিল।

Muktomon/TA