মুক্তমন রিপোর্ট : ঢাকা ও আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও শক্তিশালী করতে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এডিবি।
এডিবি জানিয়েছে, ‘পাওয়ার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীন ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ অবকাঠামো উন্নত করা হবে। এসব সমিতি রাজধানীর আশপাশের দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে।
প্রকল্পের আওতায় ৫২টি সাবস্টেশনে মোট ১ হাজার ১৫০ মেগাভোল্ট-অ্যাম্পিয়ার (এমভিএ) নতুন ট্রান্সফরমার সক্ষমতা স্থাপন করা হবে। পাশাপাশি ১২টি বিদ্যমান সাবস্টেশনের সক্ষমতা আরও ১১৫ এমভিএ বাড়ানো হবে।
এ ছাড়া ২ হাজার ৬০০ কিলোমিটারের বেশি ওভারহেড ও ভূগর্ভস্থ বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ বা আধুনিকায়ন করা হবে। বিতরণ নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা, দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে ইনসুলেটেড কন্ডাক্টরও স্থাপন করা হবে।
এডিবির অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে ঢাকা ও আশপাশের শিল্প-নগর এলাকার বিদ্যুৎ বিতরণ অবকাঠামোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুৎ সরবরাহের নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দ্রুত বর্ধনশীল শিল্প ও নগর এলাকায় বিদ্যুৎ সরবরাহের অবকাঠামোগত চাপ মোকাবিলায় সহায়তা করবে বলে জানিয়েছে এডিবি।