মধ্যস্থতাকারীর অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত

ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলামের বক্তব্য
ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলামের বক্তব্য

মুক্তমন রিপোর্ট : পুঁজিবাজারে বিনিয়োগে লাভ-ক্ষতি স্বাভাবিক হলেও কোনো মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়ম বা দায়িত্বে অবহেলার কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলে বাজারের ওপর তাদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে ‘ইনগরেশন সিরিমনি ফর ডিস্ট্রিবিউশন অব আইপিএস ফান্ডস’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারে শেয়ারের দাম কমা-বাড়া স্বাভাবিক। তবে কোনো মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলে তা বাজারের জন্য উদ্বেগের বিষয়।

তিনি জানান, অতীতে পাঁচটি ব্রোকারেজ হাউস বিনিয়োগকারীদের অর্থ বা শেয়ার বিভিন্নভাবে নিজেদের হিসাবে স্থানান্তর করেছে। পরে এসব অর্থ বা শেয়ার বিনিয়োগকারীদের ফেরত দিতে প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়েছে।

ডিএসই চেয়ারম্যান জানান, বর্তমানে এসব ঘটনায় মোট ১৭ হাজার ৯৬৭ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী রয়েছেন। এর মধ্যে ১৭ হাজার ৩৩২ জনকে এ পর্যায়ে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড (আইপিএফ) থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হবে।

যেসব বিনিয়োগকারীর সম্পূর্ণ অর্থ এ পর্যায়ে পরিশোধ করা সম্ভব হবে না, তাদের অবশিষ্ট অর্থ আইনানুগ প্রক্রিয়ায় ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বিনিয়োগকারীদের উদ্দেশে মমিনুল ইসলাম বলেন, তাদের কষ্টার্জিত অর্থ ফেরত দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), দুই স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নিজহাত আনোয়ারসহ পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডিএসই চেয়ারম্যান বলেন, একটি শক্তিশালী ও স্বচ্ছ পুঁজিবাজার গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দেশের অর্থনীতিতে পুঁজিবাজারকে গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

Muktomon/TA