ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০, ছিল না ফায়ার লাইসেন্স

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা।

মুক্তমন রিপোর্ট : কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে।

খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ইউনিট দুটি ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং সকাল ৮টার দিকে সেখানে পৌঁছায়। পরে উদ্ধার অভিযান চালানো হয়।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানিয়েছেন, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ঢাকায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানান, টুপটুপ রিসোর্টটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। প্রতিষ্ঠানটির ফায়ার সার্ভিসের লাইসেন্সও ছিল না।

তিনি আরও জানান, গত জুনে পরিদর্শনের পর রিসোর্টটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্কতামূলক নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস। এরপরও সেখানে কার্যক্রম চালানো হচ্ছিল।

Muktomon/TA