তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

বিনোদন প্রতিবেদক : হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার বাদী নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। তবে সোমবার (২৩ নভেম্বর) করা এ আবেদনের শুনানি হয়নি। আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।

সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করা হয়। বাদীপক্ষের অভিযোগ, আদালতের নোটিশ গ্রহণ করা হলেও নির্ধারিত দিনে হাজির হননি তানজিন তিশা।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করে জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় করা মামলায় সোমবার তানজিন তিশার আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

আবেদনে বাদীপক্ষের যুক্তি, মামলার ধার্য তারিখ সম্পর্কে অবগত থাকার পরও আদালতে হাজির হননি অভিনেত্রী। এ ছাড়া মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন সানায়া। এসব কারণে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

প্রতারণার মামলা থেকে হুমকির অভিযোগ

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা করেন সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। ওই মামলা প্রত্যাহারের জন্য পরবর্তী সময়ে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি বাদীর। গত বছরের ৭ নভেম্বর ফোনে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে মামলায়।

বাদীর অভিযোগ, প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে রোববার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

সানায়ার দাবি, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তানজিন তিশা ক্ষুব্ধ হয়ে তাঁর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলেও তাঁকে আদালতের মাধ্যমে প্রতিকার চাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করলেও আদালত এখনো এ বিষয়ে কোনো আদেশ দেননি। আগামী ১৪ ডিসেম্বর আবেদনের শুনানির পর এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

তানজিন তিশার বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি।