মুক্তমন রিপোর্ট : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। দুই বছর পর এ উৎসবে বাংলাদেশের সিনেমা জায়গা পেল।
আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ভারত, জর্জিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, ইরান, জার্মানি ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের ১৫টি সিনেমা নির্বাচিত হয়েছে। এর মধ্যে বাংলা ভাষার একমাত্র সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
সিনেমাটি বাংলাদেশের নির্মাণ হলেও উৎসবের তালিকায় এর দেশ হিসেবে ফ্রান্সের নাম উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের পাশাপাশি ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের কয়েকজন প্রযোজক সিনেমাটি নির্মাণে যুক্ত রয়েছেন। সেই সূত্রেই উৎসব কর্তৃপক্ষ এটিকে ফ্রান্সের সিনেমা হিসেবে তালিকাভুক্ত করেছে।
সিনেমাটি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা রুবাইয়াত হোসেন। বাংলাভাষী দর্শকেরা এবার সিনেমাটি দেখতে পারবেন—এ বিষয়টি তাঁকে আনন্দিত করেছে বলে জানিয়েছেন তিনি। কলকাতা তাঁর প্রিয় শহরগুলোর একটি বলেও উল্লেখ করেন নির্মাতা।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ বাঁধন ছাড়াও অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।
এর আগে ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়। সেখানে একটি স্বীকৃতিও পায় এটি। পাশাপাশি টরন্টো ও লন্ডনের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে সিনেমাটি।