দাগনভূঞায় আইনশৃঙ্খলা সভায় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

 দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা।
দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা।

ফেনী প্রতিনিধি : আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ফেনীর দাগনভূঞায় নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি দপ্তরপ্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

আবদুল আউয়াল মিন্টু বলেন, দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের বিবাদে জড়ানো যাবে না। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

সমাজে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের বিষয়ে মন্ত্রী বলেন, মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি। শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়; এ জন্য ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের প্রবণতা রোধের ওপরও গুরুত্ব দেন আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এলাকায় কোনো অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে তা গোপন না রেখে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গ্রাম, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Muktomon/TA