অনলাইন ডেস্ক : বিদেশে যাওয়ার প্রস্তুতির মধ্যেই রাজধানীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছেছিলেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এ জন্য বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে পুলিশ তাকে আটক করে। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্যও এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে বিদেশযাত্রার সময় বিমানবন্দরে গ্রেপ্তারের ঘটনায় তাকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ডিবি হেফাজতে নেওয়ার পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানার অপেক্ষা রয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
তবে পুলিশ মামলার বিবরণ এবং পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
দুপুরে বিমানবন্দর থানায় এ বিষয়ে একটি প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে।