জাতীয়

আকস্মিক পরিদর্শনে অনুপস্থিতি ধরা পড়ায় ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

মুক্তমন রিপোর্ট : নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ এর প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান সম্প্রতি বরিশাল ও ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যালয়ে আকস্মিক পরিদর্শন পরিচালনা করেছেন।

পরিদর্শনকালে তিনি বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান। এছাড়া অনেককে নির্ধারিত অফিস সময়ের পর কর্মস্থলে উপস্থিত হতে দেখা যায়।

এ ঘটনায় প্রতিমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের ড্রেজিং বিভাগ থেকে ৯ জন, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ থেকে ২ জন, বন্দর ও পরিবহন বিভাগ থেকে ১ জন এবং হিসাব বিভাগ থেকে ১ জনসহ মোট ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরও ৩ জন কর্মকর্তা-কর্মচারীকে তাৎক্ষণিক বদলি করেছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান মন্ত্রণালয় ও এর আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একইসঙ্গে সরকারি দপ্তরে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button