সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন ১০ অক্টোবর

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি সভা
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি নির্যাতন প্রতিরোধে করণীয় নির্ধারণে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মেলন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এ সম্মেলন আয়োজনের কথা রয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর সম্মেলনের তফসিল ঘোষণা করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা সম্মেলনে অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। সম্মেলন সফল করতে ইতোমধ্যে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সম্মেলন সফল করতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

আয়োজকদের ভাষ্য, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময়ে হামলা, হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার হন। এসব ঘটনা প্রতিরোধে সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মেলনে বিভিন্ন বিষয়ে আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে ২০২০ সালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আত্মপ্রকাশ ঘটে। এরপর দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সংগঠনটির কার্যক্রম বিস্তারের উদ্যোগ নেওয়া হয়।

কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করতে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষ সংগঠক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে এ কমান্ড কাউন্সিল গঠন করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে আলোচনা হবে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের পাশে দাঁড়াতে সংগঠনের কর্মপরিধি আরও বিস্তৃত করার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।