ঢাকা উত্তর-দক্ষিণে এনসিপির মেয়র প্রার্থী আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা উত্তর-দক্ষিণে এনসিপির মেয়র প্রার্থী আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী

মুক্তমন রিপোর্ট : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

সভায় সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ এবং ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।

সভা থেকে পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডের ওপর কঠোর নজরদারি রাখার নির্দেশনাও দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের এনসিপি সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মেয়র প্রার্থী ঘোষণা এবং সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে এনসিপির সাংগঠনিক প্রস্তুতি আরও জোরালো হলো।