মুক্তমন রিপোর্ট : বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত, টেকসই, নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বান্দরবান সদর উপজেলা কনফারেন্স হলে ‘বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদ’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পর্যটন খাতের সুফল স্থানীয় জনগণের কাছে পৌঁছে দিতে তাদের সরাসরি সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও টেকসই পর্যটন নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, তিন পার্বত্য জেলা পরিষদ ও এলজিইডিসহ সরকারি দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
বান্দরবানকে আদর্শ পর্যটননগরী হিসেবে গড়ে তোলার অভিপ্রায় জানিয়ে সাচিং প্রু বলেন, পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান নগরী গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। দেশ-বিদেশের পর্যটকেরা বান্দরবানের সৌন্দর্য উপভোগ করতে আসেন উল্লেখ করে ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্টদের পেশাদারি আচরণ, বিনয় ও আতিথেয়তার কৌশল রপ্ত করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, হোটেল-মোটেলের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি রান্নাঘর ও টয়লেট জীবাণুমুক্ত রাখা এবং বিদেশি পর্যটকদের আন্তর্জাতিক মানের সেবা দেওয়া জরুরি। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে বান্দরবানকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
পার্বত্য অঞ্চলের কৃষি ও প্রান্তিক চাষিদের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং কৃষিমন্ত্রীর সঙ্গে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
তিনি জানান, এসব বৈঠকে পার্বত্য চট্টগ্রামে কাজুবাদাম, কফি, আদা, হলুদ ও আনারসের মতো সম্ভাবনাময় কৃষিপণ্যের উৎপাদন বাড়ানো, অ্যান্টিবায়োটিকমুক্ত দেশি মুরগি পালন, সাতিফসল চাষ এবং পাহাড়ি সেচব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পাহাড়ের কৃষকদের দেশের মূল অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখার সুযোগ তৈরির কথাও জানান সাচিং প্রু।
বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, বান্দরবান পৌরসভার পৌর প্রশাসক এস এম মনজুরুল হক এবং বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা।
Muktomon/TA