মকবুল হোসেন : বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
আলোচনা সভায় বক্তারা লালন সাঁইয়ের জীবনদর্শন, সৃষ্টিকর্ম, মানবতাবাদী চেতনা ও অসাম্প্রদায়িক ভাবধারার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, লালন সাঁইয়ের গান ও দর্শন জাতি, ধর্ম ও বর্ণের বিভেদ অতিক্রম করে মানুষের মধ্যে সম্প্রীতি, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়। তাঁর কালজয়ী সৃষ্টি আজও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।
আলোচনা সভা শেষে লালন সাঁইয়ের গান ও লোকজ সংস্কৃতির আবহে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আয়োজকেরা জানান, এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে লালন সাঁইয়ের জীবনদর্শন ও সাংস্কৃতিক উত্তরাধিকার তুলে ধরা এবং তাঁর মানবিক ও অসাম্প্রদায়িক চেতনা ধারণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
Muktomon/TA