পূর্ব রূপসায় অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

খুলনার পূর্ব রূপসায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান
খুলনার পূর্ব রূপসায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান

মুক্তমন রিপোর্ট : খুলনার পূর্ব রূপসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার খবর দেওয়ার পরও সময়মতো ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়নি—এমন অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।

সোমবার (৬ অক্টোবর) দিনগত রাত ১২টা ২০ মিনিটের দিকে স্থানীয় রুপালি সি ফুডস লিমিটেডের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোবাইল সার্ভিসিং ও বিকাশের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ সরদার জানান, অগ্নিকাণ্ডে আটজন ব্যবসায়ীর আটটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানোর অভিযোগ

অগ্নিকাণ্ডের খবর দেওয়ার পরও ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা। তাদের দাবি, আগুন লাগার খবর দেওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দেরিতে পৌঁছানোর অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।

Muktomon/TA