বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের অলিখিত নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে তথ্য সংগ্রহের জন্য সেখানে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তাকর্মীরা ভেতরে প্রবেশের অনুমতি দেননি বলে জানা গেছে।
বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশে আগামী দুই দিন সাংবাদিকদের বলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।
মহিউদ্দিন আহমেদ বলেন, এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দিই। একই সঙ্গে তিনি সাংবাদিকদের দুই দিন অপেক্ষা করার অনুরোধ জানান।
সকাল থেকে বলাকার প্রধান ফটকে যাওয়া কয়েকজন সাংবাদিক জানান, তথ্য সংগ্রহের জন্য ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাঁদের অনুমতি নেই বলে জানিয়ে দেন। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ বা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ না করেই ফিরে আসতে হয় তাদের।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। তাঁদের মতে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ায় এর কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করা গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব। এভাবে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক বলেও মন্তব্য করেন তারা।
এ বিষয়ে বিমানের এমডি কাইজার সোহেল আহমেদের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁকে পাওয়া যায়নি। খুদেবার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো জবাব পাওয়া যায়নি।
সাংবাদিকদের প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Muktomon/TA