ডিএসসিসিতে ই-রিকশা নিবন্ধন শুরু

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন কার্যক্রমের আবেদন ফরম বিতরণ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন কার্যক্রমের আবেদন ফরম বিতরণ।

মুক্তমন রিপোর্ট : ঢাকার সড়কে ব্যাটারিচালিত ই-রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তবে আবেদন করলেই মিলবে না নিবন্ধন। নির্ধারিত নকশা ও নীতিমালা অনুসরণ করে ই-রিকশা প্রস্তুত করার পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদন বা ক্লিয়ারেন্স নিতে হবে।

এরপর স্থানীয় সরকার বিভাগের জারি করা ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর শর্ত পূরণ করে সিটি করপোরেশনে আবেদন জমা দিতে হবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নিবন্ধন দেওয়া হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ই-রিকশার নিবন্ধন, চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে দেওয়া বক্তব্যে এসব তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, মঙ্গলবার থেকে ই-রিকশার নিবন্ধন আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। তবে এই ফরম চলাচলের অনুমতিপত্র নয়; এটি কেবল নিবন্ধনের আবেদনপত্র। আবেদনকারীদের নির্ধারিত শর্ত পূরণ এবং বুয়েটের ক্লিয়ারেন্স নিয়ে আবেদন জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে।

ই-রিকশা ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনতে নির্দিষ্ট মডেলের যান তৈরি ও মেরামতের জন্য ওয়ার্কশপ নির্ধারণ করা হবে বলেও জানান প্রশাসক। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগের ব্যবহার বন্ধে ওয়ার্ড বা থানা পর্যায়ে নির্দিষ্ট চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ই-রিকশার সংখ্যা ও চলাচল নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাকে চারটি জোনে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর সিটি করপোরেশন ও বাংলাদেশ পুলিশের যৌথ সভায় জোনগুলোর সীমানা এবং অঞ্চলভিত্তিক ই-রিকশার সম্ভাব্য সংখ্যা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

একসঙ্গে সব ই-রিকশা বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে আবদুস সালাম বলেন, একবারে সব বন্ধ না করে ধাপে ধাপে যানগুলোকে নিয়ম ও নিবন্ধনের আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে শর্ত পূরণকারী ৫০০, ১ হাজার বা ২ হাজার—যে সংখ্যক ই-রিকশাই হোক, সেগুলো পর্যায়ক্রমে নিবন্ধনের অনুমোদন পাবে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর থেকে প্রতিটি ১০০ টাকা মূল্যে নিবন্ধন আবেদন ফরম বিতরণ করা হচ্ছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম নিতে পারবেন।

ঢাকার সড়কে অটোরিকশাকে অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে এ সমস্যা সমাধানে নাগরিক, রিকশার মালিক-চালক ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন ডিএসসিসি প্রশাসক।

Muktomon/TA