মুক্তমন রিপোর্ট : দেশের নারী ও শিশুদের সুরক্ষা, কল্যাণ, পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় সরকার। একই সঙ্গে নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকারগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জিলিয়ান মেলসপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে নারীর ক্ষমতায়ন, নারী অধিকার রক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুশ্রম ও বাল্যবিবাহ নিরসন, মিড-ডে মিল, কিশোর-কিশোরী ক্লাব, মনোসামাজিক সহায়তা, ফ্যামিলি কার্ড এবং নারী ও শিশু-সংশ্লিষ্ট বিভিন্ন আইন নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, ইউনিসেফ বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে সংস্থাটির উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে সরকার নারী ও শিশুদের কল্যাণে নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়নে কাজ করছে। বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিতভাবে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ের কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।
এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, মানুষের মৌলিক অধিকার ও সার্বিক কল্যাণে সহায়তামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে। একই সঙ্গে সব শিশুর জন্য বাসযোগ্য, উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জিলিয়ান মেলসপ বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
এদিকে, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে বাংলাদেশ ত্যাগের মধ্য দিয়ে কর্মজীবন থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিতে যাচ্ছেন জিলিয়ান মেলসপ। তাঁর দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে অভিনন্দন জানিয়ে অবসরোত্তর জীবনের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন মন্ত্রী।
Muktomon/TA