মুক্তমন রিপোর্ট : চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে প্রথম কারখানা চালুর প্রস্তুতি চলছে। নির্ধারিত ১৮ মাসের মধ্যেই কারখানাটি চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় শিল্পাঞ্চলটির দেশি-বিদেশি দায়িত্বশীল কর্মকর্তা এবং পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বিজন কান্তি সরকার বলেন, মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। তাঁরা দ্রুত চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের কার্যক্রম শুরু করার বিষয়ে জানিয়েছেন। শিল্পাঞ্চলে প্রয়োজনীয় পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।
প্রথম কারখানা চালুর অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ১৮ মাসের মধ্যে কারখানা চালুর যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা বাস্তবায়নে কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম কারখানা চালু হবে বলে তিনি আশাবাদী।
এর আগে বুধবার বেলা ১১টার দিকে আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) পরিদর্শন করেন বিজন কান্তি সরকার। আগের রাতে তিনি কেইপিজেডে অবস্থান করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শনে যান তিনি।
পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) উদ্দেশে রওনা হন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নুর জাহান খানমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA