মুক্তমন রিপোর্ট : রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিআরটিসি বাস ডিপোর সামনে থেকে সাংবাদিক বাদল দাস (২৮) নিখোঁজ হয়েছেন। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা।
বাদল দাসের পিতার নাম মৃত বাসুদেব এবং মাতার নাম গৌরী রানী দাস। তাঁর স্থায়ী ঠিকানা পটুয়াখালী পৌরসভার সদর রোডের নতুন বাজার এলাকায়। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল জলপাই রঙের শার্ট ও সাদা প্যান্ট।
সহকর্মীদের তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার পর রাত ৮টা ৪৫ মিনিটে সাংবাদিক ফোজিত শেখ বাবুর মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলকারী বাদল দাসের সঙ্গে তাঁর সম্পর্ক জানতে চান। ফোজিত শেখ বাবু নিজেকে বাদল দাসের সহকর্মী সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার পরপরই কলটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ওই নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
বাদল দাসের সন্ধানে তাঁর সহকর্মী ও পরিচিতরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাদল দাসের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৭১২৭৯৩৩৮৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তাঁর সহকর্মী ও স্বজনরা।