মিস ইউনিভার্স -এর মুকুট জিতলেন জেনিফার ব্যারেটো

৭৫তম মিস ইউনিভার্সের মুকুটজয়ী পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো।
৭৫তম মিস ইউনিভার্সের মুকুটজয়ী পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো।

মুক্তমন রিপোর্ট : বিশ্বের ১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে ৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার ব্যারেটো। নিজ দেশের মাটিতে আয়োজিত জমকালো আসরে সেরা নির্বাচিত হয়ে বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় পুয়ের্তো রিকোর সান হুয়ানে শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকালে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বিভিন্ন ধাপ পেরিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নেন ফিলিপাইন, নিউজিল্যান্ড, ভেনেজুয়েলা, ডোমিনিকান রিপাবলিক ও স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধিরা।

চূড়ান্ত পর্বে বিচারকদের প্রশ্নের উত্তর, আত্মবিশ্বাস ও মঞ্চে উপস্থিতির মাধ্যমে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। সবশেষে বিচারকদের রায়ে সেরা নির্বাচিত হন জেনিফার ব্যারেটো।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। দ্বিতীয় রানারআপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। তৃতীয় রানারআপ হয়েছেন ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি এবং চতুর্থ রানারআপ নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন।

প্রতিযোগিতার প্রশ্নোত্তর পর্বে বিশেষভাবে নজর কাড়েন বিয়া। ৭৫ বছর পরও মিস ইউনিভার্সের প্রাসঙ্গিকতা কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা যায়—এমন প্রশ্নের উত্তরে তিনি নারীদের অতীতের অর্জন, বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত মানুষ ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, ফিলিপাইন এর আগে চারবার মিস ইউনিভার্সের মুকুট জিতেছে। সর্বশেষ ২০১৮ সালে দেশটির ক্যাটরিওনা গ্রে এই খেতাব অর্জন করেন। এবারের আসরে বিয়া তৃতীয় রানারআপ হওয়ায় পঞ্চমবারের মতো মুকুট জয়ের অপেক্ষায় থাকতে হচ্ছে দেশটিকে।

Muktomon/TA