মুক্তমন রিপোর্ট : নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। কূপটির দুটি জোনে মোট ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২ নভেম্বর) উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপে অগ্নি প্রজ্বলনের মাধ্যমে গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। কূপটি থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাপেক্স সূত্রে জানা যায়, সরকার ও সংস্থাটির নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ শুরু হয়। গত ৮ জুলাই বিজয়-১০ রিগ ব্যবহার করে খনন শুরু করা হয়। প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীরতায় খননের পর দুটি জোনে গ্যাসের সন্ধান মেলে।
কূপটি থেকে আগামী ২০ বছর গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে। ভোক্তা পর্যায়ের হিসাবে এ গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা।
প্রকল্প পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান জানান, কূপটিতে তেল বা অন্য কোনো পদার্থ রয়েছে কি না, তা জানতে আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) করা হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, নতুন এ গ্যাসের সন্ধান দেশের জ্বালানি খাতে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে। এ আবিষ্কারে কোম্পানীগঞ্জসহ নোয়াখালীর মানুষ উচ্ছ্বসিত।
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, নতুন গ্যাসের সন্ধান দেশের জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সম্পদ কাজে লাগিয়ে কোম্পানীগঞ্জসহ পুরো নোয়াখালীতে শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দ্রুত পরীক্ষা-নিরীক্ষা শেষে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা এবং স্থানীয় জনগণকে এ আবিষ্কারের সুফল দেওয়ার আহ্বান জানান সংসদ সদস্য।
Muktomon/TA