মুক্তমন রিপোর্ট : তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ড দ্রুত কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার এবং সড়ক-মহাসড়কে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) বিকেলে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে গত রোববার মজুরি বোর্ড গঠন করা হয়েছে। খুব শিগগিরই বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান বিবেচনায় রেখে মজুরি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মালিকপক্ষের বক্তব্য ও শিল্পের স্বার্থ বিবেচনায় রেখে উৎপাদন ও রপ্তানি সচল রাখার বিষয়টিও গুরুত্ব পাবে।
তিনি বলেন, শ্রমিকদের দাবি জানানোর জন্য মজুরি বোর্ডসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে। আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার শ্রমিক ও শ্রমিকনেতাদের আইনিভাবে মুক্তির বিষয়টি সরকার দেখবে। আহতদের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শিল্পকারখানা চালু রাখা, কর্মসংস্থান বাড়ানো এবং রপ্তানি অব্যাহত রাখতে শ্রমিক, মালিক ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে।
এর আগে সোমবার সকালে বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিকেলের বৈঠকে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, সংসদ সদস্য ও শ্রমিকনেতা শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Muktomon/TA