মুক্তমন রিপোর্ট : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যকে ‘বিপজ্জনক বাগাড়ম্বর’ আখ্যা দিয়ে এর কড়া সমালোচনা করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের ‘আধিপত্যবাদী মানসিকতা’ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে উল্লেখ করে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ।
সম্প্রতি এক আলোচনা সভায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ভবিষ্যতে পাকিস্তান থেকে কোনো সন্ত্রাসী হামলা হলে ভারত তার চেয়েও কঠোর জবাব দেবে।
শনিবার (১৭ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, রাজনাথ সিংয়ের বক্তব্যে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের হুমকি রয়েছে।
নয়াদিল্লিকে উসকানিমূলক বক্তব্য ও বিপজ্জনক বাগাড়ম্বর পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ভারতের আধিপত্যবাদী মনোভাব এবং দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য সৃষ্ট ঝুঁকির বহিঃপ্রকাশ।
পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সাজ্জাদ হায়দার খান বলেন, যেকোনো ধরনের আগ্রাসনের মোকাবিলায় পাকিস্তান কঠোর জবাব দিতে প্রস্তুত।
২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়। হামলার জন্য পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের দায়ী করে নয়াদিল্লি। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়।
এরপর পাকিস্তানের অভ্যন্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ে। পাকিস্তানের দাবি, ভারত বিনা উসকানিতে হামলা চালিয়েছিল।
পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে সংঘাত ২০২৫ সালের ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়। শনিবারের সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত বছরের সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে বলেন, পাকিস্তান তার ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা এবং দৃঢ় সংকল্পের প্রমাণ দিয়েছে।
তিনি বলেন, যেকোনো অবিবেচনাপ্রসূত আগ্রাসনের মুখে নিজেদের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত।
পাকিস্তানের সংযম ও শান্তির প্রতি অঙ্গীকারকে দুর্বলতা হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়ে মুখপাত্র বলেন, যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।
Muktomon/TA