ঢাকার বায়ুদূষণ রোধে নিমগাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

 ঢাকার বায়ুদূষণ রোধে নিমগাছ রোপণের আহ্বান জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকার বায়ুদূষণ রোধে নিমগাছ রোপণের আহ্বান জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মুক্তমন রিপোর্ট : রাজধানী ঢাকার বায়ুদূষণ কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে বিশেষভাবে নিমগাছ রোপণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে রাজধানীর সরকারি বাঙলা কলেজে গিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বায়ুদূষণ রোধে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। ঢাকার বায়ুমানের অবস্থা প্রায়ই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যায়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিশুদ্ধ বায়ু নিশ্চিত করতে প্রচুর গাছ লাগাতে হবে। বিশেষ করে নিমগাছ রোপণে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, নিজ নিজ সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নিয়মিত অংশ নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও সামাজিক কাজে এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্নতা ও সামাজিক সচেতনতার বার্তা বন্ধু, আত্মীয়স্বজন ও পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে তরুণ প্রজন্মের সংখ্যা প্রায় দুই থেকে আড়াই কোটি। তারাই দেশের ভবিষ্যৎ। একটি সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গড়ে তোলার দায়িত্ব তরুণদের নিতে হবে এখন থেকেই। পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশে বসবাস করলে মানুষ স্বাস্থ্যগতভাবে উপকৃত হয়; বিপরীতে অপরিচ্ছন্ন পরিবেশ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ কমানোর কার্যকর উপায়গুলোর মধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা ও পরিচ্ছন্নতা অন্যতম। বিশেষ করে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকার আশঙ্কা থাকায় বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্র পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নিজেদের ও স্বজনদের জন্মদিন কিংবা বিশেষ দিনগুলোতে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। একদিনে সবাই সচেতন না হলেও ধারাবাহিকভাবে সচেতনতা তৈরির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি সবাইকে মাটি, পানি ও বাতাস পরিচ্ছন্ন রাখার শপথ নেওয়ার আহ্বান জানান এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Muktomon/TA