মুক্তমন রিপোর্ট : ঢাকার সাভারের আমিনবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ল্যান্ডফিলের কাজে ব্যবহৃত ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টার অভিযোগে আল-আমিন (৩৪) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। এ সময় তেলভর্তি ট্রাকটিও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর সেতু-সংলগ্ন এলাকা থেকে ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়।
আটক আল-আমিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঘটকেরচর গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর মিরপুর-১-এর গোদারঘাট এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আবর্জনাবাহী ড্রাম ট্রাকের চালক হিসেবে কাজ করেন।
পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির সময় ৪০টি কনটেইনারে ৮০০ লিটার ডিজেলবোঝাই একটি ট্রাকের গতিরোধ করা হয়। পরে তেল ও ট্রাকটি জব্দ করে চালককে আটক করা হয়।
সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির আল আহসান ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক তেল পাচারের কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আমিনবাজারের ল্যান্ডফিল থেকে তেল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি চোরাই তেল চক্রের কাছে যাওয়ার কথা ছিল।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Muktomon/TA