মুক্তমন রিপোর্ট : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, দেশের মানুষের মধ্যে বিএনপির প্রতি ক্ষোভ তৈরি হয়েছে। তার দাবি, অনেকেই বলছেন, তারা আর কখনও বিএনপিকে ভোট দেবেন না।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, “আমার ৮৮ বছর বয়সে আমি কখনো শুনিনি, একটা সরকার গঠন হওয়ার পর লোকে বলে এই সরকার টিকবে না।” তিনি দাবি করেন, সাধারণ মানুষের মধ্যে সরকারের কর্মকাণ্ড নিয়ে হতাশা তৈরি হয়েছে।
এলডিপি সভাপতি বলেন, “সারাক্ষণ দেখছি নারীরা, পুরুষেরা নিজের জুতা নিজের কপালে মারছে, বলছে আর কখনও বিএনপিকে ভোট দেব না।”
১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এত সকালে বিপুলসংখ্যক মানুষকে নিয়ে এমন সমাবেশ আয়োজন অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় বলে তিনি মনে করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বের বক্তব্যের প্রসঙ্গ টেনে অলি আহমদ বলেন, তিনি আগে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছিলেন এবং তা না হলে সরকারকে ক্ষমতা ছাড়ার কথা বলেছিলেন। এখন বর্তমান পরিস্থিতিতে তার অবস্থান কী—এমন প্রশ্নও তোলেন অলি আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। অলি আহমদ বলেন, সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে তিনি অতীতে রাজনৈতিকভাবে সহযোগিতা করেছিলেন। একই সঙ্গে তার বক্তব্য ও বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
দেশ পরিচালনায় সৎ ও যোগ্য ব্যক্তিদের বেছে নেওয়ার আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, “বেইমান, মুনাফেক আর বিদেশি দালালদের দিয়ে দেশ চলবে না।”
১১ দলীয় ঐক্যের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের দাবি-দাওয়া মেনে নেওয়ার জন্য সরকারকে বিভিন্নভাবে আহ্বান জানানো হয়েছে। দাবি পূরণ না হলে নিয়মতান্ত্রিকভাবে সরকারকে তা মানতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেন তিনি।
লং মার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানান অলি আহমদ। তিনি বলেন, তারা সন্ত্রাসী দল নন এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পরিচালনা করবেন।
তবে লং মার্চের পথে কেউ বাধা সৃষ্টি করলে তা মোকাবিলা করার কথাও বলেন তিনি।
তিনি বলেন, তারা কোনো আয়োজন বা আপ্যায়নের জন্য রাজপথে নামেননি; জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কর্মসূচিতে অংশ নিয়েছেন।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকও বক্তব্য দেন। তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকার যাত্রার শুরুতেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে তারা মনে করেন।
মামুনুল হক বলেন, সরকারকে সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। তা না হলে অতীতে স্বৈরশাসকদের যে পরিণতি হয়েছে, একই ধরনের পরিণতির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
১১ দলীয় ঐক্যের নেতারা জানান, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।