মুক্তমন রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি) সেমি-অ্যানুয়াল কনফারেন্স-২০২৬’-এর প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, গণতন্ত্রকামী দেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতা বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে।
বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৪৭ সালে দেশভাগের পর প্রায় ২৪ বছর তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর নিপীড়নের শিকার হয়েছে এ দেশের মানুষ। ১৯৭০ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও ক্ষমতা হস্তান্তর না করায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। তবে স্বাধীনতা অর্জনের পরও কাঙ্ক্ষিত গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে সামরিক ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমে গণতান্ত্রিক অধিকার রক্ষা করেছে। তাঁর অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম, খুন, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
উল্লেখ্য, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত আইএইউপি বিশ্বের বিশ্ববিদ্যালয় প্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সমঝোতা, একাডেমিক সহযোগিতা ও দায়িত্বশীল নেতৃত্বের বিকাশে কাজ করে সংস্থাটি।
১৯ থেকে ২১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত এ সম্মেলনে ২৪টি দেশের ৭০ জনের বেশি বিদেশি প্রতিনিধি এবং বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক ও বিশ্ববিদ্যালয় প্রধানরা অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে আইএইউপির বর্তমান প্রেসিডেন্ট ও চীনের সিয়াস ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শন চেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, রেক্টর, শিক্ষাবিদ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Muktomon/TA