মুক্তমন রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে দুই দেশের পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে উপযুক্ত সময়ে তিনি দিল্লি সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি ভারতে আওয়ামী লীগের একটি অনুষ্ঠান দেশটির পুলিশ বন্ধ করে দেওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনাটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
হুমায়ুন কবির বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ যেমন আশ্রয় দেবে না, তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীও যেন দিল্লি বা ভারতের অন্য কোনো সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায়—বাংলাদেশ এমন প্রত্যাশাই করে।
ভারতে আওয়ামী লীগের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘটনাকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন জানিয়ে তিনি বলেন, ভারত সরকারের এ ধরনের দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে বলে বাংলাদেশ আশা করে।
তার মতে, এ ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যে পারস্পরিক সদিচ্ছা তৈরিতে সহায়ক হতে পারে। ফলে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরির সুযোগ সৃষ্টি হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর এবং ব্রিকস সম্মেলনে তার অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, এখনো সফরের কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি।
তিনি বলেন, উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রীর ভারত সফর হবে। দুই দেশের পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে সফরের সময় নির্ধারণ করা হবে। একই সঙ্গে উভয় দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি ও উপস্থিতির বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।
তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলেও স্পষ্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ফলে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আলোচনা থাকলেও সফরের নির্দিষ্ট সময়সূচি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।