মুক্তমন রিপোর্টার : নেপালে ভয়াবহ বন্যা ও হিমবাহধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় নেপালের সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান জামায়াতের এই নেতা।
শোকবইয়ে স্বাক্ষর শেষে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়া গোলাম পরওয়ার।
সাক্ষাতে নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি এবং প্রাণহানির বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে অবহিত করেন নেপালের রাষ্ট্রদূত। দুর্যোগের শুরু থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ করায় তিনি কৃতজ্ঞতা জানান।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকেও নেপালের সাম্প্রতিক ভয়াবহ দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানানো হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নেপালের জনগণের এই দুঃসময় ও শোকের মুহূর্তে বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে রয়েছে। তিনি নেপাল সরকার, উদ্ধারকারী দল এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন।
একই সঙ্গে ভয়াবহ এই বিপর্যয় মোকাবিলায় নেপালের চলমান উদ্ধার ও মানবিক কার্যক্রম সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বিভিন্ন সংকট ও কঠিন সময়ে দুই দেশের মানুষের একে অপরের পাশে দাঁড়ানোর যে মানবিক ঐতিহ্য রয়েছে, বর্তমান পরিস্থিতিতে সেটি আরও শক্তিশালী হবে বলে তিনি আশা করেন।
সাক্ষাৎকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।