যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, ফরিদপুরে স্বামীর যাবজ্জীবন

মুক্তমন রিপোর্টার : যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে ফরিদপুরে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ফরহাদ মোল্লা (৩৮) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, নিহত হাসিনা বেগম (৩০)-এর স্বামী ফরহাদ মোল্লা দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য তাকে চাপ দিয়ে আসছিলেন। একপর্যায়ে তিনি স্ত্রীর পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন।

অভিযোগ অনুযায়ী, দাবিকৃত টাকা দিতে না পারায় ২০২৩ সালের ৩১ মে রাত থেকে পরদিন ১ জুন সকালের মধ্যে কোনো একসময় ফরহাদ তার স্ত্রী হাসিনাকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ স্বামীর বাড়ির একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার খবর পেয়ে হাসিনার বাবা মছলেম খলিফা মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে মরদেহ দেখতে পান। বাড়িটি ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাস্তপট্টি গ্রামে। পরে ওই দিনই তিনি নগরকান্দা থানায় ফরহাদ মোল্লাসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলাটি তদন্তের পর ২০২৪ সালের ৩ মার্চ নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মণ্ডল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায়ের বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, আদালতের রায়ে তারা সন্তুষ্ট। এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যতে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমাতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।