মুক্তমন রিপোর্টার : সরকারি অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী রবি করুনানায়েককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দেশটির প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর করুনানায়েককে সিআইএবিওসির হেফাজতে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, তিনি জাতীয় লটারি বোর্ডের অর্থ ব্যবহার করে তিন ব্যক্তির বেতন পরিশোধ করেছিলেন। তবে তদন্তকারীদের দাবি, ওই ব্যক্তিরা সরকারি দায়িত্বে না থেকে মূলত সাবেক মন্ত্রীর ব্যক্তিগত কাজ করতেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে সিআইএবিওসির এক কর্মকর্তা জানান, সরকারি তহবিল থেকে ওই তিন ব্যক্তির বেতন দেওয়ার ঘটনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সরকারের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন করুনানায়েক। তার গ্রেপ্তার এমন এক সময়ে হলো, যখন ২০২৪ সালে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকের নেতৃত্বে শ্রীলঙ্কায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান চলছে।
এর আগে চলতি মাসের শুরুতে সাবেক মন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলাকে গ্রেপ্তার করা হয়। দেশটির শেষ সিংহলি রাজার প্রাসাদ থেকে একটি শতবর্ষী পবিত্র পাথর চুরির ঘটনায় তাকে সহায়তার অভিযোগে আটক করা হয়েছিল। ২০২২ সালে শ্রীলঙ্কার ভয়াবহ অর্থনৈতিক সংকটের সময় রামবুকওয়েলা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
২০২২ সালের এপ্রিল মাসে বৈদেশিক ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ার পর শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক সংকট দেখা দেয়। এর প্রভাব পড়ে জ্বালানি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে।
এদিকে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের বিরুদ্ধেও অর্থ পাচার, ঘুষ গ্রহণ ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে তদন্ত ও বিচার চলছে। তবে রাজাপাকসে পরিবার তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছে।