আলাস্কায় চার্টার বিমান বিধ্বস্ত

আলাস্কায় চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত
আলাস্কায় চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত

মুক্তমন রিপোর্টার : যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন যাত্রী ও দুই পাইলট রয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে দুর্গম একটি সামরিক রাডারকেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সংবাদ সংস্থা এপি জানিয়েছে, কেপ নিউএনহাম লং রেঞ্জ রাডার কেন্দ্রের বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৭২৫ কিলোমিটার দূরে। বিমানটি অ্যাঙ্কোরেজ থেকেই যাত্রা শুরু করেছিল।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে মোট আটজন ছিলেন। তাদের মধ্যে ছয়জন যাত্রী এবং দুজন পাইলট।

দুর্ঘটনাকবলিত বিমানটি সেসনা ৪৪১ মডেলের বলে শনাক্ত করা হয়েছে। অ্যাঙ্কোরেজভিত্তিক চার্টার বিমান সংস্থা সিকিউরিটি অ্যাভিয়েশন এটি পরিচালনা করছিল।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন আলাস্কার সিনেটর লিসা মুরকোভস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আলাস্কার বিভিন্ন প্রান্তে ভ্রমণের সময় তিনি সিকিউরিটি অ্যাভিয়েশনের বিমানে বহুবার যাতায়াত করেছেন এবং প্রতিষ্ঠানটির অনেক অভিজ্ঞ পাইলটের সঙ্গে তার পরিচয় হয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রমে অংশ নেয় ইউএস কোস্ট গার্ড, এনটিএসবি, আলাস্কা স্টেট ট্রুপার্স এবং রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারসহ একাধিক সংস্থা।

আলাসকান নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড অঞ্চল ও একাদশ এয়ার ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস জানান, বিমানে থাকা ব্যক্তিরা দুর্গম ও কঠিন পরিবেশে গুরুত্বপূর্ণ মিশন বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন।

তবে রাডারকেন্দ্রে থাকা এসব ব্যক্তি ঠিক কী দায়িত্ব পালন করছিলেন, সে বিষয়ে আলাস্কান কমান্ডের বিবৃতিতে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

লেফটেন্যান্ট জেনারেল ডেভিস বলেন, এই দুর্ঘটনা মার্কিন সামরিক পরিবার এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য একটি হৃদয়বিদারক ক্ষতি।

আলাস্কার আকাশসীমায় চলাচলকারী উড়োজাহাজ পর্যবেক্ষণে ব্যবহৃত ওই রাডারকেন্দ্রটি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেস রিজিওনাল সাপোর্ট সেন্টারের পরিচালনা ও তত্ত্বাবধানে রয়েছে।

এদিকে বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।