মুক্তমন রিপোর্টার : দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। চিকিৎসার জন্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ভোট দেওয়ার কথা ছিল ৩৪৯ জন সংসদ সদস্যের।
তবে অসুস্থতার কারণে বিদেশে অবস্থানের বিষয়টি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন মির্জা আব্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৯ জন। মির্জা আব্বাস দেশের বাইরে থাকায় কার্যত ভোট দিতে পারছেন ৩৪৮ জন সংসদ সদস্য।
প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।