মুক্তমন রিপোর্টার : ফিলিস্তিনে উন্নয়ন সহায়তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত। এর অংশ হিসেবে ফিলিস্তিনে ২০০ শয্যার একটি আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
বুধবার (২০ আগস্ট) ভারত ও ফিলিস্তিনের প্রতিনিধিদের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। প্রস্তাবিত হাসপাতালে আধুনিক চিকিৎসাসেবার পাশাপাশি একটি ট্রমা সেন্টারও থাকবে বলে জানা গেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল নির্মাণের পাশাপাশি ফিলিস্তিনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে। ফিলিস্তিনের জাতীয় মুদ্রণ প্রেসের আওতায় এই কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। সেখানে মুদ্রণশিল্পের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এদিকে ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আবু শাওয়েশ ২০২৮-২৯ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতিসংঘের সামগ্রিক সংস্কার এবং বিশেষ করে নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে ভারতকে স্থায়ী সদস্যপদের যোগ্য দেশগুলোর একটি হিসেবে দেখতে চায় ফিলিস্তিন।
ভারত ও ফিলিস্তিনের মধ্যে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার অংশ হিসেবে হাসপাতাল নির্মাণ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ এসব উদ্যোগ নেওয়া হয়েছে।