কিশোর গ্যাং প্রধান সিফাতসহ আটক ৯

নারায়ণগঞ্জে বুলবুল আহমেদ হত্যা মামলায় শেখ সিফাতসহ ৯ জনকে আটক করেছে পুলিশ
নারায়ণগঞ্জে বুলবুল আহমেদ হত্যা মামলায় শেখ সিফাতসহ ৯ জনকে আটক করেছে পুলিশ

মুক্তমন রিপোর্টার : নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার ঘটনায় কথিত কিশোর গ্যাংয়ের প্রধান শেখ সিফাতসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে সিফাতের সহযোগী হিসেবে পরিচিত হোয়াইট জুম্মন এবং তিন নারী রয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। তবে তাৎক্ষণিকভাবে আটক অপর ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

নিহত বুলবুল আহমেদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সালেহনগরের পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। তিনি ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টার দিকে বন্দরের সালেহনগর এলাকায় বুলবুল আহমেদের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা। সকাল ৯টার দিকে তারা মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে সরে যান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহর দাবি, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় তিনি মামলা করেন। ওই মামলায় স্থানীয় কিশোর অপরাধী দলের কথিত নেতা শেখ সিফাতসহ তার কয়েকজন সহযোগীকে আসামি করা হয়।

মুফতি মাছুম বিল্লাহ বলেন, ওই মামলার জের ধরে বুলবুলের সঙ্গে সিফাত ও তার সহযোগীদের বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলের ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং আটক ব্যক্তিদের ভূমিকা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।