মেটার বিজ্ঞাপন প্ল্যাটফর্মে বিকাশ পেমেন্ট যুক্ত

ফেসবুক সুবিধা পাবেন উদ্যোক্তারা

 পেমেন্ট অপশনে বিকাশ যুক্ত হওয়ার প্রতীকী ছবি।
পেমেন্ট অপশনে বিকাশ যুক্ত হওয়ার প্রতীকী ছবি।

মুক্তমন রিপোর্ট: বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য নতুন সুবিধা আসছে। মেটার বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে বিকাশ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। মেটার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ব্যবহারকারীদের শেয়ার করা কিছু স্ক্রিনশটে দেখা গেছে, ফেসবুক অ্যাডস ম্যানেজারের ‘পেমেন্ট পদ্ধতি যোগ করুন’ অপশনে ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের অপশনও দেখা যাচ্ছে। কয়েকজন ব্যবহারকারী এই সুবিধা ব্যবহার করে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিকাশ পেমেন্ট চালু হলে আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমবে এবং ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ হবে।

এতদিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা ও ব্যাংকিং জটিলতার কারণে অনেক উদ্যোক্তাকে সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এসব শর্ত পূরণ করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তবে বিকাশভিত্তিক এই পেমেন্ট ব্যবস্থা কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।