উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে: গৃহায়ন প্রতিমন্ত্রী

উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে: গৃহায়ন প্রতিমন্ত্রী

মুক্তমন রিপোর্ট : সততা ও স্বচ্ছতার সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে বা প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট টেন্ডার বাতিলের পাশাপাশি দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নিজস্ব তদারকির পাশাপাশি একটি স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমে কাজের গুণগত মান যাচাই করা হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ঠিকাদারি ও নির্মাণকাজে যেন কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না ঘটে, সে বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

আহম্মদ সোহেল মনজুর আরও বলেন, দেশকে দুর্নীতিমুক্ত ও আধুনিকভাবে গড়ে তুলতে কম ব্যয়ে সর্বোচ্চ মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন ও হস্তান্তর করতে হবে।

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম, সদস্য মো. আব্দুল গোফফার, প্রকৌশলী আবুল কাশেম মোহাম্মদ শাহজালাল মজুমদার, পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, মো. মেহেদী হাসানসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা, প্রকৌশলী এবং নিবন্ধিত ঠিকাদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।