নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ টানপাড়া এলাকার অন্যতম সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। নবগঠিত কমিটিতে জাহিদ ইকবাল সভাপতি এবং মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. মিসবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মুকুল হোসাইন মৃধা, সাংগঠনিক সম্পাদক এ. এম. আইয়ুব, কোষাধ্যক্ষ মো. মতিউর রহমান, প্রচার সম্পাদক আমির হোসাইন, দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান খান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন মজুমদার এবং নির্বাহী সদস্য এমদাদুল হক সোহেল, মো. মাহফুজুর রহমান, মো. লিটো আহমেদ, মো. মোস্তফা সিকদার, জিসাদ ইকবাল, জাহিদুল হক জুয়েল, মো. আলতাফ হোসেন ও তাসবির ইকবাল।
সরকারি নিবন্ধন নম্বর এস-১৪৮৮৭-এর আওতাভুক্ত সংগঠনটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় তিন দশকের পথচলায় এটি নিকুঞ্জ টানপাড়াবাসীর আস্থা ও নির্ভরতার অন্যতম সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
সংগঠনটি দীর্ঘদিন ধরে নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে সমন্বয়, জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে উদ্যোগ গ্রহণ, ড্রেন ও খাল পরিষ্কারের দাবি, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা অপসারণ, ম্যানহোল পরিষ্কার, সড়কবাতি স্থাপন ও সংস্কার, পরিচ্ছন্নতা এবং মশকনিধন কার্যক্রমে সংগঠনটির ভূমিকা এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ, স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতাসহ বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমও সংগঠনটির উল্লেখযোগ্য অবদানের অংশ।
নবনির্বাচিত সভাপতি জাহিদ ইকবাল বলেন, “নিকুঞ্জ টানপাড়াকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত, যানজটমুক্ত ও আধুনিক আবাসিক এলাকায় পরিণত করাই আমাদের লক্ষ্য। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জনস্বার্থে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আরও কার্যকরভাবে কাজ করতে চাই।”
সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার) বলেন, “এই কমিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়; এটি পুরো নিকুঞ্জ টানপাড়া এলাকাবাসীর। সকলের মতামত, অংশগ্রহণ ও সহযোগিতার ভিত্তিতে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি নাগরিক অধিকার, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও শক্তিশালী ভূমিকা রাখবে। একই সঙ্গে সংগঠনটি এলাকাকে একটি আদর্শ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আবাসিক এলাকায় রূপান্তরের লক্ষ্যে কাজ অব্যাহত রাখবে।