নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেয়ায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের জেল

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেয়ায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের জেল

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর) সম্পদের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি আবুল কালাম আজাদ।

আদালত সূত্র জানায়, রায় ঘোষণার জন্য সকালে এস কে সুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর বিচারক তাকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ১৫ জুলাই মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ২৮ জুলাই রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। শুনানিতে দুদকের পক্ষে সর্বোচ্চ তিন বছরের সাজা দাবি করা হয়। অন্যদিকে আসামিপক্ষ খালাসের আবেদন জানায়। বিচার চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

এস কে সুর ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদ থেকে অবসর নেন। পরে আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ওঠায় ২০২২ সালে দুদক অনুসন্ধান শুরু করে। একই বছরের মার্চে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তদন্তের অংশ হিসেবে এস কে সুর ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য, আয়ের উৎস ও দায়-দেনার বিবরণ জমা দিতে নোটিশ দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ২৭ অক্টোবর তিনি নোটিশ গ্রহণ করলেও আইন অনুযায়ী নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করেননি।

এ ঘটনায় ২০২৫ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক নাজমুল হুসাইন এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক মো. আহসান উদ্দিন অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ৬ নভেম্বর আদালত এস কে সুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।